ট্রাম্পের ‘ম্যানিপুলেটেড’ টুইটে লেবেল জুড়ে দিলো টুইটার
প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট করা কোনো ভিডিওতে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ লেবেল সেঁটে দিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।
সিএনএন-এর নামে ভুয়া ক্যাপশন জুড়ে দেওয়ায় এই ব্যাবস্থা নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
ট্রাম্পের ভিডিও টুইটে বলা হয়েছে "আমেরিকা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ভুয়া সংবাদ। যখনই কিছু চোখে পড়বে, মুখ খুলুন। একমাত্র আপনিই এটি প্রতিরোধ করতে পারেন"
বার্তাটি চমৎকার হলেও ওই টুইটে যে ভিডিও জুড়ে দেয়া হয় সেটি ছিলো ভুয়া! সিএনএন-এর নামে ভুয়া ক্যাপশন জুড়ে দেওয়া ভিডিওতে দেখা গেছে, শ্বেতাঙ্গ এক শিশুর কাছ থেকে দৌঁড়ে পালাচ্ছে এক কৃষ্ণাঙ্গ শিশু।
তবে ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটের পরপরই সিএনএন অভিযোগ করেছে, এমন কোনো প্রতিবেদন প্রচার করেনি মার্কিন ওই কেবল টিভি চ্যানেল। অসংখ্য সাংবাদকর্মীও স্বাক্ষ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা কনটেন্টই আসলে কারসাজি করা।
ভিডিওটিকে সিএনএন-এর পক্ষ থেকে ‘ভুয়া খবর’ দাবি করার আগে এটির ক্যাপশন ছিলো এমন, “আতঙ্কিত শিশু বর্ণবাদী শিশু থেকে পালাচ্ছে।”